‘রাতের তারা’য় এবারে তপু ও কণা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২০:১১
এশিয়ান টেলিভিশনে সাপ্তাহিক সেলিব্রিটি শো ‘রাতের তারা’র এবারের অতিথি সময়ের জনপ্রিয় দুই সংগীত তারকা তপু ও কণা। প্রখ্যাত সাংবাদিক ও এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু’র উপস্থাপনায় রাতের তারায় নিজেদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও আগামী পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন তারা দুজনে। এ ছাড়া সঞ্চালকের নানান প্রশ্নবাণে তপু তার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে বোঝাপড়া, কণার প্রেম-প্রণয়সহ বিস্তারিত বিষয় নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠান প্রসঙ্গে তপু বলে, ‘বাবু ভাইয়ের উপস্থাপনা অনেক অ্যাগ্রেসিভ হয়। এরপরও তার এই সারল্যটাই আমার খুব ভালো লাগে। আমি রাতের তারার বেশ কয়েকটা পর্ব দেখেছি। ভালো লেগেছে। এবারে অতিথি হিসেবেও বেশ মজার একটা আড্ডা দিয়েছি। ভালো লেগেছে।’ কণ্ঠশিল্পী কণা বলেন, ‘বাবু ভাইয়ের পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সাক্ষাত্কারেই আগে এক ধরনের হাঁড়ির খবর বের করে নিয়ে আসার একটা প্রবণতা ছিল। সেই থেকে তার টিভি প্রোগ্রামেও এই জিনিসটা লক্ষ করি। ভালো লাগে। পুরো অনুষ্ঠানটি তাই আলাদা একটা রূপ পেয়েছে। আমার নিজেরও ভালো লেগেছে রাতের তারায় আড্ডা দিতে।’
সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘সাধারণ দর্শকদের কৌতূহল মাথায় রেখেই আমি প্রশ্ন করি। আমি ভুলে যাই অতিথিরা আমার পূর্ব পরিচিত। এ কারণেই হয়তো এত সহজে দর্শকেরা অনুষ্ঠানটিকে গ্রহণ করেছে। আশা করি তপু ও কণার এই এপিসোডটিও দর্শকেরা উপভোগ করবে।’
অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল রাত ১টায়। প্রযোজনা করেছেন ইমরান আলী।