জীবনের চতুর্থ অধ্যায়
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২০:১১
আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সজল আহমেদের রচনা ও সাখাওয়াত্ হোসেন মানিকের পরিচালনায় নাটক ‘জীবনের চতুর্থ অধ্যায়।’ নাটকটির মূল ভাবনা হচ্ছে—একটি পৃথিবীতে জন্মগ্রহণ করার পর যেমন অসহায় থাকে তেমনি একজন মানুষ বয়স্ক হলে অসহায় হয়ে পড়ে। তখন তার নিঃসঙ্গ জীবনে একজন মানুষের সঙ্গ প্রয়োজন হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, সারিকা, শাহদাত, মনিরা মিঠু, মৌটুসি, সুলতান সেলিম, তন্দ্রা, রিপন প্রমুখ। গল্পে দেখা যাবে তানভীর সাহেব জীবনে কষ্ট ও পরিশ্রম করে বহু চড়াই-উত্রাই পেরিয়ে প্রতিষ্ঠা লাভ করে একটি বড় কোম্পানি গড়ে তুলে। যখন তার বয়স হয়ে যায় তখন ছেলে তমালের অনুরোধে ছেলের হাতে কোম্পানির সব দায়িত্ব অর্পণ করে দেয়। কিন্তু কর্মজীবন থেকে অবসর নেয় যেই উদ্দ্যেশে, হয় তার উল্টো। কারণ, সে অবসর নিয়ে একা হয়ে পড়ে। তাকে নিঃসঙ্গতা অক্টোপাসের মতো চেপে ধরে। ছেলে ও ছেলের বৌ তাকে তেমন সময় দেয় না। সে দিন দিন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই সময়ে তার নিঃসঙ্গ জীবনে ভার্সিটি পড়ুয়া অদ্বিতীয়া নামের একটি মেয়ের আবির্ভাব ঘটে। আস্তে আস্তে মেয়েটির সাথে তার সম্পর্ক গভীর হতে থাকে। এভাবেই এগিয়ে যায় নাটকটি।