স্বাধীনতার মাসে ‘ত্রিংশ শতাব্দী’

‘যুদ্ধাপরাধীর রক্ষা নাই, যুদ্ধবাজের বিনাশ চাই’—এ প্রতিপাদ্য নিয়ে স্বাধীনতার মাস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদলের যুদ্ধাপরাধী-যুদ্ধবাজবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। উল্লেখ্য, স্বপ্নদল ২০০২-এ প্রথম ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চে আনে এবং তখন থেকেই নিয়মিতভাবে প্রযোজনাটি মঞ্চায়নের মাধ্যমে দলটি শান্তির স্বপক্ষে ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ প্রতিবছর ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে। পাশাপাশি স্বাধীনতার মাস মার্চ ও বিজয়ের মাস ডিসেম্বরেও প্রযোজনাটির এক বা একাধিক বিশেষ মঞ্চায়ন করে থাকে স্বপ্নদল। সে ধারাবাহিকতায়ই আজ ‘ত্রিংশ শতাব্দী’-এর ৫৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।