উত্তর-পশ্চিম ইউরোপ তুষারপাতে অচল

উত্তর-পশ্চিম ইউরোপে ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়ে গেছে জার্মানির ফ্রাঙ্কফুট বিমান বন্দর। বাতিল হয়েছে ১শ’রও বেশি ফ্লাইট। বন্ধ হয়ে গেছে লন্ডন এবং প্যারিসের মধ্যকার দ্রুতগতির ইউরোস্টার রেল যোগাযোগ। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তুষারপাতের কারণে শ’ শ’ মানুষ তাদের গাড়িতে আটকা পড়েছে। বেলজিয়াম এবং উত্তর ফ্রান্সে সৃষ্টি হয়েছে ট্রাফিক জ্যাম। ফ্রাঙ্কফুটে ১২ সেন্টিমিটার(৫ ইঞ্চি) তুষারপাত হওয়ায় বিমান বন্দর বেশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মুখপাত্র স্টিফান সুলতে। বিমান বন্দরের আরো ফ্লাইট বাতিল হতে পারে বলে জানান তিনি। প্যারিসে তুষারপাতের কারণে দুটি বিমান বন্দরে এক-চতুর্থাংশেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডের বহু স্থানে দ্বিতীয় দিনের মতো কনকনে ঠাণ্ডা আবহাওয়া আর তুষারপাতের দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। ব্রাসেলসের বিমান বন্দরেও কমিয়ে দেয়া হয়েছে ফ্লাইটের সংখ্যা। ঠাণ্ডায় জমে যাওয়া আবহাওয়ার কারণে বেলজিয়াম এবং উত্তর ফ্রান্সে রেল সার্ভিস ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে ক্রস-চানেল ইউরোস্টার ট্রেন চলাচল।