রাবিতে দুই বাংলার লেখক পাঠক-সম্পাদক সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত শিল্প-সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘চিহ্ন’র উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয়েছে এপার বাংলা এবং ওপার বাংলার (পশ্চিমবঙ্গ) লেখক-পাঠক-সম্পাদক সম্মেলন ‘চিহ্নমেলা’। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দুই বাংলার তিন শতাধিক লেখক, পাঠক ও সম্পাদক উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ মেলায় অনুষ্ঠিত হবে সাহিত্য বিষয়ক দু’টি সেমিনার। সকালে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কবি আসাদ মান্নান, শিক্ষাবিদ সনত্ কুমার সাহা, কবি আনোয়ারা সৈয়দ হক। পরে লেখক-পাঠক-সম্পাদক ও বাংলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয় এপার বাংলার অংশগ্রহণে ‘যুক্ত করো হে..‘আজকের লেখক: নন্দনের প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা। কবি তসিকুল ইসলাম রাজার সঞ্চালনায় আলোচনা করেন সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, আসাদ মান্নান, সনত্ কুমার সাহা, কবি আনোয়ারা সৈয়দ হক, রফিকুর রশীদসহ প্রথিতযশা কবি সাহিত্যিকগণ। এরপর বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় ‘দুই বাংলার কবি কণ্ঠে কথা ও কবিতা’ শীর্ষক কবিতানুষ্ঠান। বিকালে হয় লেখক-পাঠক-সম্পাদকদের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠান। সবশেষে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। আজ দ্বিতীয় দিনে থাকবে ‘জেলা/অঞ্চলভিত্তিক ছোট কাগজের চালচিত্র’, ‘কথা অথবা কবিতা’ শীর্ষক অনুষ্ঠান। ওপরে বাংলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে শীর্ষক আলোচনা সভা। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু রাজশাহী মহানগরীর টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বুধবার সকালে শুরু হয়েছে। সকাল ১০টায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাকির হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ শিরিন সুলতানা ও রাজশাহী জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ আবদুস সামাদ। মেলায় ১৯টি স্কুল ও কলেজ অংশ নিয়েছে। এতে ২৪টি স্টল বসেছে।