কেরানীগঞ্জে ইট চাপা পড়ে তিন শ্রমিক নিহত
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:১৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা এলাকায় মঙ্গলবার রাতে সুমি এন্টারপ্রাইজ (এনবিএম) নামক ইটভাটার ইট স্তূপে চাপা পড়ে তিন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলেন আব্দুল খালেক (৫৫), মো. আব্দুর রহিম (২৫) ও সুনিল বাবু (৪০)। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত আব্দুল বারেক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, রাতে খাবার পরে ইটের স্তূপের পাশে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাত্ ইটের স্তুূপটি পড়ে যায়। এ সময় ইটচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ইটভাটার মালিক আব্দুল কাদের মেম্বার ও হাজি হুরমুজ আলীর গাফিলতির কারণে তাদের মৃত্যু হয়েছে বলে অন্য শ্রমিকরা অভিযোগ করেন। ইটের স্তূপটি অগোছালো ছিল। নিহত আব্দুল খালেক ও আব্দুর রহিমের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার কপরা সাহেববাড়ি ও কুঞ্জনগর গ্রামে। নিহত সুনিল বাবুর বাড়ি তালতলী থানার নয়াবাইজোড়া গ্রামে। ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে যায়।