শ্রীলঙ্কার সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ ডিসিসিআইর

শ্রীলঙ্কার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল শ্রীলঙ্কার বহির্বিশ্ব বিষয়ক উপমন্ত্রীর জি জে এল নিউম্যাল পেরেরার সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান ডিসিসিআইয়ের পরিচালকরা। নিউম্যাল পেরেরাও দুদেশের মধ্যকার বাণিজ্য বাড়াতে দ্রুত এফটিএ স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করেন। ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শিপিং এবং পর্যটন বিষয়ক এ সভায় বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত ডব্লিউ এ সারাথ কে ওয়েরাগোদা, ডিসিসিআই’র প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহীম, পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম, ওসমান গনি, হায়দার আহমদ খান, হুমায়ুন রশীদ, এম আবু হোরায়রা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নিউম্যাল পেরেরা সমুদ্রপথে ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে কলম্বো বন্দর এবং হামবানটোটা বন্দর ব্যবহারের আহবান জানিয়ে বলেন, এসব বন্দর ব্যবহারের ফলে বাংলাদেশের পণ্য পরিবহনে অন্তত ৩/৪দিন সময় কম লাগবে। একই সাথে ব্যয়ও হবে কম। তিনি শ্রীলঙ্কার অবকাঠামো খাতে বিনিয়োগের প্রস্তাব জানিয়ে আগামী ১২-১৫ নভেম্বর শ্রীলংকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ ব্যবসায়ী সম্মেলনে বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়কে যোগদানের আহবান জানান। সভাপতির বক্তব্যে ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান বলেন, বাংলাদেশ ও শ্রীলংকা দুইদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। তবে এ জন্য ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত সকল বাধা দ্রুত নিরসন করা প্রয়োজন। শ্রীলঙ্কার সাথে এফটিএ চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়ে মোঃ সবুর খান বলেন, ঔষধ, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক ক্ষেত্রে ডিউটি ফ্রি সুবিধা প্রদান করে বাংলাদেশ থেকে এসব পণ্য আরো বেশি হারে আমদানি করা যেতে পারে। এছাড়া বাংলাদেশ থেকে ফুলকপি ও আলু আমদানির জন্যও শ্রীলংকার প্রতি আহবান জানান তিনি।