শুক্র ও শনিবার শুল্ক অফিস ও ব্যাংক খোলা রাখার দাবি ইএবির

হরতালের সপ্তাহে বন্দরের শুল্ক অফিস ও শিল্প এলাকাসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকটের আশু সমাধান না দেখায় হরতালের ক্ষতি পুুষিয়ে নিতে এ দাবি জানানো হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এ দাবি জানান। এতে বলা হয়, হরতাল বা রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানিকারকরা রপ্তানি পণ্য সময়মত জাহাজীকরণ করতে পরছেন না। আবার আমদানিকৃত কাঁচামালও বন্দর থেকে সময়মতো খালাস করতে পারছেন না। এ অবস্থায় রপ্তানি পণ্য জাহাজীকরণের মেয়াদ অতিবাহিত হওয়ায় ইতিমধ্যেই বেশ কিছু চালান স্টকলটে পরিণত হয়েছে। কিছু পণ্য বিমানে রপ্তানিকারকদের নিজ খরচে রপ্তানি করতে হচ্ছে এবং বহু পণ্য চালান ঢাকা বিমান বন্দরে বিমানে যাওয়ার অপেক্ষায় রয়েছে। চলমান রাজনৈতিক সংকটের আশু সমাধানের কোন লক্ষণ নেই। বরং এই অস্থিরতা আরো বাড়ার আশংকা রয়েছে। এছাড়া দুর্বল অবকাঠামো, ব্যাংকের উচ্চ সুদহার এবং জ্বালানির উচ্চ মূল্যের কারণে রপ্তানিকারকরা বর্তমানে দিশেহারা। এই অবস্থায় পণ্য যথাসময়ে জাহাজীকরণ, সর্বনাশা স্টকলট হতে রক্ষা এবং আমদানিকৃত কাঁচামাল-এর অযথা পোর্ট ডেমারেজ থেকে রক্ষা পাওয়ার জন্য এ দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।