জনবল সংকটে চালু হয়নি কয়রার আবহাওয়া অফিস
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩১
কয়রা (খুলনা) সংবাদদাতা
উপকূলীয় জনপদের মানুষের জন্য দুর্যোগের আগাম সতর্ক বার্তা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সরকারিভাবে উপকূলীয় এলাকায় ২০০৮ সালে ১৩টি আবহাওয়া অফিস (নৌ পূর্বাভাস কেন্দ্র) নির্মাণের সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলায়ও একটি আবহাওয়া অফিস নির্মাণ করা হয়েছে। অফিসটির নির্মাণ কাজ দু’বছর আগে সম্পন্ন হলেও আজো তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের দাবি জনবল সংকটের কারণে দাপ্তরিক কার্যক্রম শুরু হচ্ছে না।
পর পর দু’টি বড় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার পর উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকারি-বেসরকারিভাবে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে দুর্যোগের খবরটি তাত্ক্ষণিক মানুষের কাছে পৌঁছে দিতে এলাকাভিত্তিক আবহাওয়া অফিস নির্মাণ উল্লেখযোগ্য একটি পরিকল্পনা ছিল বলে মনে করেন উপকূলীয় এলাকার মানুষ। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল বশার বলেন, উপকূলীয় এ জনপদের মানুষের কাছে আবহাওয়ার আগাম সতর্ক বার্তা দ্রুত পৌঁছে দিতে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার জট খুলতে কয়রা আবহাওয়া অফিসে চারজন নিরাপত্তা রক্ষীকে দাপ্তরিকভাবে নিয়োগ দেয়া হয়েছে। ২০১১ সালের মার্চ মাসে তাদেরকে নিয়োগ দিয়ে অফিস পাহারায় নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তারা। খুলনা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকা আবহাওয়া অধিদপ্তরে নৌ পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। এ ব্যাপারে ঢাকা আবহাওয়া অধিদপ্তরে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা মাজিদুল ইসলাম বলেন, লোকবলের অভাবে নৌ পূর্বাভাস কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু করা যাচ্ছে না।