পাবনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩১
পাবনা প্রতিনিধি
পাবনা শহরের কুঠিপাড়া চামড়া গুদাম এলাকায় পূর্ব শত্রুতার কারণে ছেলেকে না পেয়ে বৃদ্ধ পিতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ৫-৭ জন চিহ্নিত সন্ত্রাসী শহরের কুঠিপাড়া মহল্লার মোস্তফার ছেলে সুমনকে খুঁজতে যায়। এ সময় সন্ত্রাসীরা তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে সুমনের বাবা মোস্তফা বাড়ির বাইরে এলে দুর্বৃত্তরা তাকে কিলঘুষি ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।