প্রতিবন্ধীর ভিক্ষার টাকায় তিন সন্তান শিক্ষিত হচ্ছে
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩১
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত কলিমদ্দিন মন্ডলের প্রতিবন্ধী ছেলে সাদিমদ্দিন মন্ডল ওরফে আকাতুল্লাহ (৫০)। ভিক্ষাবৃত্তির অর্থ দিয়ে চালাচ্ছে মা, স্ত্রী, ৩ সন্তানসহ ৬ জনের সংসার। একই সাথে ভিক্ষাবৃত্তির উপার্জিত অর্থে আকাতুল্লার ৩ সন্তানের মধ্যে বড় পুত্র বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত, ২য় কন্যা মীর আব্দুল করীম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং কনিষ্ঠ পুত্র ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত। আকাতুল্লাহ জানান, তিনি জন্ম প্রতিবন্ধী নন। ১৫ বছর আগে তিনি ধান, চাল ও মুড়ির ব্যবসা করতেন। এসময় মাঠে ধানের জমিতে পরিচর্যা করার সময় পা কেটে যায় ও সেখানে গ্যাংরিনের জন্ম নেয়। তারপর চিকিত্সকের পরামর্শে প্রথমে এক পায়ের, পরে অন্য পায়ের হাঁটুর উপর থেকে কেটে দেহ বিচ্ছিন্ন করা হয়।