প্রতিবন্ধী তিন্নি পুলিশ হতে চায়
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩২
শেরপুর প্রতিনিধি
বুদ্ধি প্রতিবন্ধী তানিয়া আক্তার তিন্নি (১১)। তার বাবা শফিউল আলম ভ্যান চালক। এবার বিকেএসপি উদ্যোগে গ্রামীণ ফোনে পৃষ্ঠপোষকতায় ও সুইড বাংলাদেশ সহযোগিতায় স্পেশাল অলিম্পিক গেমস ২০১২ প্রতিযোগিতায় ২শ’ মিটার দৌড়ে তিন্নি প্রথম স্থান অধিকার করেছে। সে পুলিশ হতে চায়। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তিন্নির সে আশা কি পূরণ হবে? তিন্নি প্রমাণ করেছে স্বপ্ন আর চেষ্টা যে কোনো অসাধ্যও সাধন করা সম্ভব। তাই সে দেশের সবক’টি বুদ্ধি প্রতিবন্ধীদের ডিঙিয়ে শীর্ষস্থান দখল করছে। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে তিন্নির বাড়ি। সে এখন ভায়াডাঙ্গা সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তারা তিন বোন এক ভাই। ভাই সজিব সবার বড়। বোন সুইটি (১৩) ও সাথী (৪)। তিন্নির বাবা শফিউল আলম জানান, ভ্যান চালিয়ে তার সংসার চালানো খুবই কষ্টকর। তাই তিন্নির পড়াশোনার খরচ জোগার করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।