ফাঁসির অভিনয় করতে গিয়ে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩২
টঙ্গী সংবাদদাতা
টঙ্গীতে ফাঁসির অভিনয় করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ইফরাত জাহান ইতি নামে সাড়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় দত্তপাড়া সাহাজউদ্দিন সরকার স্কুল রোডের ৭ তলা বাড়ির ২য় তলার বারান্দায় এ ঘটনা ঘটে। উক্ত বাড়ির মালিক সৌদি প্রবাসী ইব্রাহিমের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে ইতি সবার ছোট। সে স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী। শাহবাগের গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে শিশুরা ফাঁসির অভিনয়ের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। বাড়ির গৃহপরিচারিকা সুফিয়া জানায়, ইতি বারান্দায় কাপড় শুকানোর জন্য টানানো নাইলনের রশির সাথে ওড়না দিয়ে খেলছিল। কিছুক্ষণ পর দেখতে পায় নাইলনের রশির সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসির ভঙ্গিতে ইতি উপুড় হয়ে ঝুলে রয়েছে। দ্রুত হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।