ভূঞাপুরে বাল্যবিয়ে বন্ধ, বরের পলায়ন
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩২
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরের ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী শুলেকার (১১) বাল্যবিয়ে বন্ধ হয়ে গেছে। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামীন খানের নির্দেশে গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির তোফাজ্জল হোসেন এ বিয়ে বন্ধ করেন। এলাকাবাসী জানায়, উপজেলার গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও গোবিন্দাসী গ্রামের আ. মান্নানের মেয়ে শুলেকার সঙ্গে একই উপজেলার রামপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আলমের সোমবার রাতে বিয়ের দিন ধার্য করা হয়। যথাসময়ে বরযাত্রী উপস্থিত হলে খাওয়া-দাওয়ার পর্বও শেষ হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর কিছুক্ষণ আগে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়ামীন খান জানতে পেরে তাত্ক্ষণিক ভূঞাপুর থানার ওসি মো. হারেচ আলী মিঞাকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। ওসির নির্দেশে গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির মো. তোফাজ্জল হোসেন একদল পুলিশ নিয়ে বিয়ের আসরে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর আলমসহ অন্যরা পালিয়ে যায়। পুলিশ মেয়ের বাবাকে আটক করলেও নিজের ভুল বুঝতে পেয়ে ক্ষমা চাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।