গোদাগাড়ী পৌরসভায় তালা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৩
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। গত ১৪ মাস ধরে বেতন না পাওয়ার কারণে পৌরসভার ৪৩জন কর্মচারী মানবেতর জীবন-যাপন করছেন। তবে পৌরসভার মেয়র, কাউন্সিলররা তাদের সম্মানী ভাতা নিয়মিতভাবে উত্তলন করছেন। গোদাগাড়ীতে সহিংসতার ঘটনায় ৪টি মামলার প্রধান আসামি হওয়ায় পৌর মেয়র মুহাম্মদ আমিনুল ইসলাম গত ১ সপ্তাহ ধরে অফিসে আসছেন না। ফলে পৌরসভার কর্মচারীরা প্যানেল মেয়রের কাছে গিয়ে তাদের বকেয়া বেতনের দাবি করেন। মেয়র অফিসে না আসা পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না বলে প্যানেল মেয়র ওবাইদুল্লাহ্ জানালে গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ কর্মচারীরা পৌরসভার প্রধান ফটকের গেটে তালা ঝুলিয়ে দেন। ফলে পৌরসভায় কাজ করতে আসা লোকজন গেটে তালা ঝোলা দেখে ফিরে যায়। ১ ঘন্টা পর কয়েকজন কাউন্সিলরের হস্তক্ষেপে কর্মচারীরা পৌরসভার প্রধান ফটকের গেটের তালা খুলে নিলেও তারা কর্মবিরতি করছিলন। এ প্রসঙ্গে গোদাগাড়ী পৌরসভার সচিব সিরাজুম মুনির বলেন, পৌরসভার রাজস্ব আয় না থাকার কারণে গোদাগাড়ী পৌরসভা অর্থনৈতিক সংকটে পড়ে। এতে করে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বকেয়া পড়ে। পৌরসভার মেয়র হিসেবে আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর কর্মচারী-কর্মকর্তাদের কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। পৌরসভার কর্মচারীরা জানান, ১৪ মাস ধরে বেতন না পাওয়ার কারণে অধিকাংশ কর্মচারী ধার-দেনা করে সংসার চালাচ্ছে। অনেক কর্মচারী এখন ধার-দেনাও পাচ্ছেন না।