নাগেশ্বরীতে নয় মাস বেতন পায়নি ৩৮ শিক্ষক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে যোগদানের নয়মাস পরেও বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন ৩৮ প্রাইমারি শিক্ষক। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩৮টি শূন্য পদের বিপরীতে তারা ২০১২ সালের ২২ মে যোগদান করেন। জানা যায়, সরকারিভাবে প্রথমবারের মত সারাদেশের ২২ হাজার ৯৬১ রেজি. প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮৪ রেজি. প্রাথমিক বিদ্যালয়ের ৩৮টি শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুসারে ২০৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে পৌরসভায় ১১ জন, নেওয়াশীতে ৬ জন, কালীগঞ্জে ৪ জন, ভিতরবন্দে ১ জন, বেরুবাড়ীতে ২ জন, বামনডাঙ্গায় ১ জন, রামখানায় ৪ জন, হাসনাবাদে ১ জন, কেদারে ১ জন, কচাকাটায় ০৩ জন, নুনখাওয়ায় ২ জন, বল্লভেরখাষে ১ জন ও নারায়ণপুর ইউনিয়নে ১ জনকে পদায়ন দেখানো হয়। পদায়ন বঞ্চিত থাকে ১৬৬ জন। গত ৯ জানুয়ারি সরকার আনুষ্ঠানিকভাবে রেজি. প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কর্মরত শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিলেও আজও তারা বেতন পাননি। ভুক্তভোগী শিক্ষকরা জানান দীর্ঘদিন বেতন না পেয়ে তারা অতিকষ্টে দিনাতিপাত করছেন। কবে বেতন হবে এর কোন নির্দেশনা না থাকায় তারা চিন্তিত।