গুরু-শিষ্য পরম্পরা

বিনোদন রিপোর্ট

 

কবি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ ও রজনীকান্ত সেনের গান নিয়ে প্রকাশ পেল রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তিন কবির গান’ শিরোনামের একটি অডিও সিডি। সিডিটি প্রকাশ উপলক্ষে গতকাল চ্যানেল আইতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক ডিজি সৈয়দ সালাহউদ্দিন জাকী, সুরের ধারার অধ্যক্ষ শফি আহমেদ, সঙ্গীতশিল্পী সাদী মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, সঙ্গীতশিল্পী ফয়াদ নাসের বাবু ও গীতিকার কবির বকুল। সিডিটির সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভাইব্রেশন স্টুডি থেকে রেকর্ডকৃত সিডিটির শব্দগ্রহণ করেছেন গৌতম ঘোষ। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। গানগুলোর মধ্যে রয়েছে ‘আজি নুতনও রতনে ভূষণে যতনে’, ‘ডাকে কোয়েলা বারেবারে’, ‘আমি সকল কাজের পাই হে সময়’, ‘কে তুমি বসি নদীকূলে একলা’, ‘চাহি অতৃপ্ত নয়নে তোর মুখপানে’, ‘মিনতি করি তব পায়’, ‘ওরে বন তোর বিজনে’, ‘মলয় আসিয়া কয়ে গেছে কানে’, ‘ওগো আমার নবীন সাথী’ ও ‘তুমি আমার অন্তঃস্থলের খবর জানো।’

এছাড়া একই অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে সুরের ধারার শিক্ষার্থী আঁখি হালদারের প্রথম সিডি ‘তোমা পানে চাহি’। সিডিটি প্রকাশের সকল আয়োজন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আঁখি সম্পর্কে তিনি বলেন, ‘আঁখি হালদার সুরের ধারা প্রাক্তনী। সেই ছোটবেলায় এখানে গান শিখতে এসেছিল। তারপর চলে গেছে অনেকদিন। আজ তার নিজের সিডি প্রকাশিত হয়েছে। এটি আমার জন্য অতি আনন্দের সংবাদ। আঁখি সুরের ধারা পরিবারের সাথে প্রথম থেকেই খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। ওর কণ্ঠ সুরেলা ও মিষ্টি, কোমলতায় ভরা। গান যেমন তার আবেগ-ভালোবাসা তেমনি তার শক্তিও। গানের সাথে ওর এই নিবিড় সম্পর্কটি শ্রোতাদেরও স্পর্শ করে যায়।’

এই অ্যালবামের গানগুলো হলো—‘তোমারই মধুর রূপে’, ‘আমি কান পেতে রই’, ‘নিশি দিন মোর পরাণে’, ‘আমারে তুমি অশেষ করেছো’, ‘আমি কেবলই স্বপন করেছি বোপন’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘বধূ কোন আলো লাগলো চোখে’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘গহনকুসুম কুঞ্জ মাঝে’ ও ‘তোমার অসীমে প্রাণমন লয়ে।’