ফুলবাড়িতে সালিস বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৬
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলা আপসের কথা বলে ডেকে নিয়ে প্রহার করায় শ্বশুরের মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিত্সাধীন আছেন আরও দু’জন। দিনাজপুরের ফুলবাড়ির নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের লালঘাট বটপাড়া গ্রামে গত ৫ মার্চ ওয়াহিদুলের বাড়িতে বৈঠক বসে। তার বিরুদ্ধে করা স্ত্রী নির্যাতন ও যৌতুক মামলার আপসের জন্য এ আয়োজন করা হয়। সেখানে ওয়াহিদুলের লোকজন শ্বশুর হাবিবুর রহমান (৫৫)সহ তাসিকুল ইসলাম (৩৭) ও রেজাউল ইসলাম (২৮) নামের দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় হাবিবুর রহমান গত ৯ মার্চ মারা যান। ইউপি সদস্য সোহরাব হোসেনসহ গ্রামবাসীরা বলেন, ওয়াহিদুলের পরিবার পরিকল্পিতভাবে ঐ হত্যাকাণ্ড ঘটনাটি ঘটিয়েছে। থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, ঐ ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ জান্নাতুন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং নিহতের ছেলে মারপিটের মামলা করেছেন। যেহেতু মারপিটের শিকার হয়ে একজন মারা গেছেন ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। গ্রেফতার এড়াতে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।