কসবায় ফলকে শহীদদের নাম নেই
লক্ষ্মীপুরে ঘুমিয়ে আছেন
১২ শহীদ বীরমুক্তিযোদ্ধা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৬
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্রামটি উঁচু-নিচু পাহাড়-টিলা বেষ্টিত ত্রিপুরার পাদদেশে অবস্থিত। ১৯৭১ সালের ১১ অক্টোবর কসবা রেলওয়ে ষ্টেশনে সম্মুখ সমরের নায়েক আবুল হাসেম শহীদ হলে তার লাশ লক্ষ্মীপুরে দাফন করা হয়। পরবর্তীতে ২২ অক্টোবর কসবার কনভেনশনাল যুদ্ধে ৪ জন শহীদ মুক্তিযোদ্ধাকে লক্ষ্মীপুরে সমাধীস্থ করা হয়। প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধাদের মতে মুক্তিযুদ্ধেই নিহত হয়েছিল প্রায় ৬৬ জন। লেফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলাম যুদ্ধে শহীদ হন। যে সকল শহীদ মুক্তিযোদ্ধা এখানে শায়িত আছেন তাঁরা হলেন, ল্যাফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলাম, সুবেদার আবুল হোসেন, হাবিলদার আব্দুল আলিম, হাবিলদার আবুল কাশেম, নায়েক আবুল হাসেম, ল্যান্স নায়েক নূরুল হক, সিপাহী আবেদ আলী, সিপাহী এনামুল হক, সিপাহী আবুল কাশেম, সিপাহী বুরহান উদ্দিন, সিপাহী রফিকুল ইসলাম ও সিপাহী আবদুর রাজ্জাক। উল্লেখ্য, লক্ষ্মীপুর সমাধীস্থলে শহীদের নাম ফলক তৈরি করা হলেও আদৌ পর্যন্ত ওই নাম ফলকে শহীদের নাম লিপিবদ্ধ হয়নি।