সিদ্ধিরগঞ্জে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার দুপুরে আলমগীর হোসেন রনি নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গোদনাইল পাঠানটুলি এলাকার একটি পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, গোদনাইল পানিরকল এলাকায় অবস্থিত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান নিট কনসার্নের নির্মাণ শ্রমিক আলমগীর হোসেন রনি (২২) শুক্রবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজি করে আলমগীরের সন্ধান না পেয়ে শনিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে আলমগীরের ভাই সুজন। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জৈনপুরী পীরের আস্তানার পাশের একটি পুকুরে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।