‘এখন আমিই আছি, আর কেউ নাই আমার’

কাঙালিনী সুফিয়া। এদেশের লোকসঙ্গীতে জনপ্রিয় একটি নাম। গান দিয়ে এক সময় অসংখ্য শ্রোতার হূদয় জয় করেছেন তিনি। এখনো এই মানুষটির গানের ভক্ত অগণিত। কিন্তু সময়ের সাথে গুণী অনেক শিল্পী আড়ালে চলে যান। তবে এই মানুষটিকে সবার সামনে আবারো নিয়ে আসতে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘কাঙালিনী:এক জীবনে অনেক জীবন’। সোমেশ্বর অলির চিত্রনাট্য ও আল আমিন রংপুরিয়ানের পরিচালনায় ৩২ মিনিট ব্যাপ্তির এই তথ্যচিত্রে উঠে এসেছে কাঙালিনী সুফিয়ার সংগ্রামী জীবনের অজানা অনেক গল্প। সেখানে তিনি বলেন, ‘বাচ্চাকালে বিয়া হয় আমার। ৭ বছর বয়স। তখন মেয়েদের দাম আছিল। আমার বাপে ৯শ’ টাকা দিয়ে আমারে বিক্রি করলো স্বামীর কাছে। স্বামীর নাম সুধীর হালদার। তখন তো আমি অনেক ছোট। স্বামীর মর্ম বুঝতাম না। স্বামীকে দেখে চৌকির তলে পালিয়েছি। আমার কাছেই আসতে পারতো না সে। যখন বিয়ের ফুল ফোটার মতো বয়স হলো, যখন স্বামীর মর্ম বুঝলাম তখন স্বামী বেহাত হয়ে গেছে। এত ছোট বয়সে বিয়া হইছে, স্বামীর দরদটা তখন বুঝি নাই। বড় হওয়ার পর যখন দরদটা বুঝতে শুরু করলাম তখন স্বামী আমার বেহাত হয়ে গেছে। স্বামী আরেকটা বিয়া করছে। সেই মনের জ্বালায় গানে নামলাম। সেই গানের রাস্তায় আইজও আছি। এখন আমিই আছি, আর কেউ নাই আমার। মা, বাপ, গুরু, কেউ নাই। আমি দুনিয়ার বড় এতিম।’