১৩ দিনেও চালু হয়নি বামনডাঙ্গা রেলস্টেশনের কার্যক্রম

গাইবান্ধা প্রতিনিধি জামায়াত-শিবিরের তাণ্ডবের পর গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনের কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল করছে ঝুঁকি নিয়ে। পুলিশ জানায়, জামায়াত নেতা মওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের ক্যাডাররা তাণ্ডব চালিয়ে বামনডাঙ্গা রেলস্টেশন মাস্টারের কক্ষ, ট্রেন যাওয়া-আসার সিগন্যাল (সংকেত) ব্যবস্থা, প্যানেল বোর্ড, কম্পিউটার, প্লাটফর্ম ও রেললাইনের স্লিপার আগুনে পুড়িয়ে দেয়। উপড়ে ফেলে রেললাইন। এতে লালমনিরহাট-শান্তাহার রেলরুটসহ উত্তরাঞ্চলের সাথে ৭২ ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে স্লিপার ও রেললাইন মেরামত করলে প্রাথমিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত রেল টেলিযোগাযোগ, সিগন্যাল ব্যবস্থা ও প্যানেল বোর্ড সংস্কার বা পুনঃস্থাপন না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চালকগণ ট্রেন নিয়ে স্টেশনে আসছেন এবং ছেড়ে যাচ্ছেন। এদিকে একই কারণে যাত্রীরাও জানতে পারছেন না কোন ট্রেন কখন আসবে। তাই যাত্রীদের ট্রেনের জন্য ক্ষতিগ্রস্ত স্টেশন প্লাটফর্মে তীর্থের কাকের মত বসে থাকতে দেখা যায়। এদিকে স্টেশন মাস্টারের বসার কোন জায়গা না থাকায় ট্রেনের টিকিটও বিক্রয় হচ্ছে না। এ কারণে প্রতিদিন সরকারের হাজার হাজার টাকা গচ্চাও যাচ্ছে। স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, ওই দিনের নাশকতায় স্টেশনের সব কিছুই নষ্ট হয়ে গেছে। ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ স্টেশনের সকল কার্যক্রম কর্তৃপক্ষ ক্লোজ ডাউন করেছেন। শুধু স্লিপার ও রেললাইন মেরামত করে কোনরকমে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।