ইতিহাস গড়ে শেষ আটে বার্সেলোনা

আবারো ফিরে এলো লিওনেল মেসির জাদু। আর তাতেই উজ্জীবিত বার্সেলোনা আগের লেগের দুই গোলের ঘাটতি কাটিয়ে উঠে নাউ ক্যাম্পে এসি মিলানকে ৪-০ ব্যবধানে হারিয়ে উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে জিতলো বার্সেলোনা। গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের আরেক খেলায় তুরস্কের গালাতাসারায় জার্মান ক্লাব শালকের মাঠে জিতে দুই পর্ব মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয়। শালকে এ রাতে নিজ মাঠে ২-৩ গোলে হারলে ১২ বছর পর আবার কোয়ার্টার ফাইনালে উঠলো তুর্কি ক্লাবটি। বার্সেলোনা মাসখানেক ধরে খারাপ ফর্মে থাকলেও এই রাতে সাম্প্রতিক বছরগুলোর জাদুকরী নৈপুণ্যের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হয়। মেসি নিজেই দেন প্রথম দু’টি গোল। ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় বার্সেলোনাই হলো প্রথম দল যারা আগের লেগে বিপক্ষের জালে বল না পাঠিয়েও দুই গোলের ঘাটতিকে উল্টে দিতে পারলো। ক্লাবটির ডিফেন্ডার জেরার্ড পিকে টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘প্রথম মিনিট থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শুরু থেকেই আমরা ছিলাম মিলানের চাইতে শ্রেয়তর। এ জয়টি এলো এমন এক সময়ে যখন ফুটবল বোদ্ধারা বলাবলি করছিলেন বার্সেলোনার স্বপ্নযুগের বোধহয় অবসান হতে চলেছে। বিশেষ করে কোপা ডেল রে থেকে বিদায় এবং লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর গত মাসে ইটালির স্যান সিরোতে গিয়েও যখন পরাস্ত হয় মেসিরা। তার মধ্যে আবার কোচ হোসে মরিনহোর দলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ে চাপে পড়ে যায় ক্যান্সার চিকিত্সার কারণে অনুপস্থিত নিয়মিত কোচ টিটো ভিলানোভার বদলে দায়িত্বরত জর্ডি রৌরার দলটি। কিন্তু পুনরুজ্জীবিত বার্সেলোনার সর্বশেষ নৈপুণ্যের পর দলটি এখন পাচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করলো। এ নিয়ে ছয়টি দল-রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, প্যারি সেন জার্মেই, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা ও গালাতাসারায় প্রতিযোগিতার শেষ আটে যোগ দিল। কাল রাতে বায়ার্ন ও আর্সেনাল এবং মালাগা ও পোর্তোর মধ্যকার খেলা শেষে নিশ্চিত হবে অপর দুুই দল। আগামী শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হলে জানা যাবে কে কার প্রতিপক্ষ হচ্ছে। মেসি এ রাতে পঞ্চম মিনিটেই পেনাল্টি বক্সের ভেতর থেকে শট নিয়ে জালের উপরিভাগে জড়িয়ে দিয়ে গোলের সূচনা করেন। এটা ছিল তার ৫৭তম চ্যাম্পিয়ন্স লিগ গোল। রাউল গঞ্জালেসের ৭১ গোলের পর তিনিই হলেন দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। এর সাত মিনিট পর আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসবার কাপানো শট মিলান গোলরক্ষক ক্রিস্টিয়ান অ্যাব্বিয়াটি সরিয়ে দিতে চাইলেও তা এসে পড়ে মেসির কাছে। বিশ্ব ফুটবলের এই বরপুত্র বলটিতে হেড নিলেও তা জালের বাইরের পাশে গিয়ে ঠেকে। এসি মিলানের দুর্ভাগ্য মেসির দ্বিতীয় গোলের আগে মবায়ে নিয়াংয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। মেসি ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে বিপক্ষ ডিফেন্ডারের পায়ের ফাঁক গলিয়ে নেয়া শটে নিজের ও দলের গোল দ্বিগুণ করেন। কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি এরকম কয়েকটি সুযোগ বিফলে যাওয়াকেই খেলা শেষে তার দলের শেষ আটে যাওয়া থেকে ‘সেন্টিমিটার’ দূরত্বে ছিলেন বলে উল্লেখ করেন। মিলান কোচ এও বলেন যে প্রথম লেগে ভাগ্য তাদের সাথে ছিল বলেই বোয়েটাংয়ের শট গতি বদলে জালে যায়। আর ফিরতি লেগে নিয়াংয়েরটি লাগে পোস্টের উপরিভাগে। সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এসি মিলানের জন্য প্রতিযোগিতার ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানের হার হলেও কোচ অবশ্য খেলোয়াড়দের লড়াকু মনোভাবের প্রশংসা করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা স্রেফ আমাদের প্রত্যাশিত খেলাটা খেলতে পারিনি। আমি এটাকে ব্যর্থতা বলবো না। কেননা বার্সেলোনা অসাধারণ একটি দল।’ স্বাগতিকরা এরপর ৫৫ মিনিটে ডেভিড ভিয়ার বাকানো শটে খেলায় এগিয়ে যায়। মিলান এরপর অতিরিক্ত সময়ের খেলায় গোল আদায়ের চেষ্টা চালালেও কোন সুফল পায়নি। বরং পাল্টা আক্রমণে ডিফেন্ডার জর্ডি আলবা গোল পেলে টানা ষষ্ঠবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কাতালান ক্লাবটি। ভিয়া খেলা শেষে উয়েফার ওয়েবসাইটে বলেন, ‘আমরা সবসময়েই মনে করতাম আমাদের পক্ষে এ লড়াইয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। আজ রাতে আমরা যা করলাম এরপর কোয়ার্টার ফাইনালে যেই প্রতিপক্ষ হোক আমরা পাত্তা দিব না।’ অপরদিকে এ জয়ে আনন্দিত ভারপ্রাপ্ত কোচ রৌরা জানান যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন তার ‘বসের’ জন্যও এটা উদ্দীপক হিসেবে কাজ করবে। তিনি স্কাই স্পোর্টসকে বলেন, ‘মিলানকে ৪-০ গোলে হারানো কোন স্বাভাবিক ঘটনা নয়। এমনকি বার্সেলোনার পক্ষেও না। তারাও অসাধারণ একটি দল এবং আমাদের জীবনকে কঠিন করে তুলেছিল। সাম্প্রতিক সময়ে মেসি অনেক সমালোচিত হচ্ছিল, আমাদের সব খেলোয়াড়দের মতোই। কিন্তু আজ আমরা দেখিয়েছি কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হয়। তার খেলার বিশেষ একটি ধরন আছে এবং বাস্তবতা হলো সে এভাবেই খেলে যা আমাদের এ ধরনের জয় পেতে সাহায্য করে।’ ব্লুমবার্গ/সুপারস্পোর্ট