কাতারের ফুটবল প্রতিনিধি দল আসছে আজ ঢাকায়

বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা দেয়ার ব্যাপারে আলোচনা করতে ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার ফুটবল এসোসিয়েশনের সভাপতির নেতৃত্বে ১০ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন। এই সফরে তারা খতিয়ে দেখবে কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়। আলোচনা হবে মূলত বাংলাদেশের ফুটবল একাডেমি শক্তিশালি করা, জাতীয় ফুটবল দলকে কিভাবে সহযোগিতা করা যায় সেসব নিয়ে। দুই দেশের ফুটবল সম্পর্ক জোরদার করাও থাকবে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানির নেতৃত্বাধীন দলটির অন্যতম লক্ষ্য। তার সফর সঙ্গি হচ্ছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ নয় কর্মকর্তারা। শনিবার দেশে ফিরে যাবে প্রতিনিধি দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) কাতার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে গত বছর ভিশন ২০২২ ঘোষণা করে। কাতারের সাথে ফুটবল উন্নয়ন অংশিদার হতে চায় বাফুফে। এজন্য কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে ফেব্রুয়ারিতে বৈঠক করেছেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন। সেই আলোচনার প্রেক্ষিতেই কাতার ফুটবল কর্মকর্তাদের ঢাকায় আমন্ত্রণ জানান তিনি। জানা গেছে কাতার ছাড়াও মধ্য প্রাচ্যের ফুটবল দেশ বাহরাইন ও কুয়েতকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে শরীক করার জন্য চেষ্টা চালাচ্ছেন বাফুফে সভাপতি।