কলম্বো টেস্ট
ফিরছেন তামিম
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৪২
বাংলাদেশের গল টেস্টকে এরই মধ্যে ক্রিকেট বিশেষজ্ঞরা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা টেস্ট বলে রায় দিয়ে দিয়েছেন। কিন্তু গলের এই পারফরম্যান্সের পরও একটা খচখচানি থেকে যাচ্ছে—ইস, সাকিব-তামিম যদি দলে থাকতেন! দুইজনের অভাব এখনই তো মিটছে না। তবে তামিম কলম্বো টেস্টে দলে ফিরছেন এটা একরকম নিশ্চিত। নতুন কোনো ঝামেলা না হলে কলম্বোর একাদশে তার ফেরা নিয়ে সংশয় নেই; অন্তত গতকাল অনুশীলনে তেমনই বোঝা গেল।
শ্রীলঙ্কায় কাল বাংলাদেশ দলের বাধ্যতামূলক অনুশীলন বলে কিছু ছিল না। ‘যেমন খুশি তেমন কাটাও’ একটা দিন ছিল বলা যায়। মানে কারো কিছু করতে মানা ছিল না। শুধু একটা নিষেধ ছিল—গল টেস্টের একাদশে যারা খেলেছেন তাদের ক্রিকেট মাঠে যাওয়া নিষেধ ছিল। তাই কেউ মাঠে যাননি। শুধু মাঠে গিয়েছিলেন একাদশের বাইরে থাকা তামিম ইকবালরা। আর এই ঐচ্ছিক অনুশীলন থেকেই তামিম ইকবালের মারফত সুখবরটা পেল বাংলাদেশ।
দলের একটি সূত্র কলম্বো থেকে জানিয়েছে, তামিম আর হাতে কোনো ব্যথা টের পাচ্ছেন না। এখন তার মাঠে নামতে কোনো সমস্যা নেই।
তামিম বিপিএলের সময় থেকেই ইনজুরিতে ভুগছেন। আশা ছিল শ্রীলঙ্কা সফরে টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু অনুশীলন ম্যাচের সময়ও ব্যথা টের পান হাতে। পরে গল টেস্ট শুরুর আগের রাতে তাকে ইনজেকশন দিয়ে খেলানোর সিদ্ধান্ত হয়। কিন্তু ইনজেকশনেও ব্যথা না কমায় এ টেস্ট বাইরেই বসে থাকতে হয়েছে।
তার বদলে বাংলাদেশের ইনিংস শুরু করতে নামের তিন বছর পর দলে ফেরা জহুরুল ইসলাম ও অভিষিক্ত এনামুল হক। দুইজনের একজন তামিমের সঙ্গী হতেন, কিন্তু তামিমের ইনজুরি দুইজনকেই মাঠে নামিয়ে দেয়। ঘটনাচক্রে রান উত্সবের এই টেস্টে এই দুইজনই নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এনামুল দুই ইনিংসেই ব্যর্থ, জহুরুল দ্বিতীয় ইনিংসে ৪০ রানে অপরাজিত ছিলেন।
এখন প্রশ্ন হলো, তামিম দলে ফিরলে এই দুইজনের কে বাদ পড়বেন? গল টেস্ট একটু এগিয়ে রাখছে জহুরুলকে।
তামিমের ঢোকা ছাড়াও দলে পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যে ম্যানেজমেন্টের ‘এসওএস’ পেয়ে গলে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। প্রথম টেস্টে নিষ্প্রভ থাকা ইলিয়াস সানির জায়গা নিতে পারেন তিনি। পরিবর্তন আসতে পারে পেস বোলিংয়েও।
শেষ পর্যন্ত একাদশ যাই হোক লক্ষ্য নিশ্চয়ই গলকে প্রেমাদাসায় ফিরিয়ে আনা।