বিশ্বকাপ ক্রিকেটের নতুন চেয়ারম্যান রাফ ওয়াটার্স
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২১:৪৩
ক্রিকেট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট বুধবার রাফ ওয়াটার্সকে ২০১৫ বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেছে। গত সপ্তাহে জেমস স্ট্রংয়ের আকস্মিক মৃত্যুর পর তাকে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়।
নিউজিল্যান্ডের প্রখ্যাত ব্যবসায়ী ওয়াটার্স ইতিপূর্বে আয়োজক কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। একটি অস্ত্রোপচারের পর ৬৮ বছর বয়সী স্ট্রং সিডনিতে মারা যাওয়ার পর তার বদলি হিসাবে তাকে এ নিয়োগ দেয়া হলো। ওয়াটার্স বলেন, ‘আমার মতো জীবিত অবস্থায় জেমসও অস্ট্রেলিয়ায় কাজ করেছেন এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ সালের বিশ্বকাপকে সত্যিকারার্থেই বিশ্বমানের একটি টুর্নামেন্টে রূপ দিতে চেয়েছিলেন।’- বাসস/এএফপি
তিনি আরো বলেন, ‘তার ইচ্ছাটা আমি জানি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সারা বিশ্বের ক্রিকেটভক্তদের জন্য একটি সফল টুর্নামেন্ট আয়োজনে কাজ করবো।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।