‘ক্যারিয়ারে খুব দ্রুত ছুটতে চাই না’

বিনোদন রিপোর্ট

 

এখন পর্যন্ত ক্যারিয়ারের ঝুলিতে খুব বেশি সিনেমা জমা না পড়লেও অল্প সময়ে আলোচনায় এসেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। চলতি সময়ে তিনি দুটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাগুলো হলো ‘ড্রিমগার্ল’ ও ‘সুন্দরীতমা’। এরমধ্যে ‘ড্রিমগার্ল’ সিনেমাটির নাম পরিবর্তন করা হতে পারে। এই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন অধরা খান। ‘ড্রিমগার্ল’-এর মধ্য দিয়ে এই জুটিকে প্রথমবার পর্দায় দেখতে পাবেন দর্শকরা। সিনেমা ক্যারিয়ার প্রসঙ্গে রোশান বলেন, ‘ভালোবেসে সিনেমা করতে আসা। সেই ভালোবাসা নিয়েই এগুতে চাই। ক্যারিয়ারে খুব দ্রুত ছুটতে চাই না। অল্প কাজ হলেও সেগুলো শতভাগ প্রচেষ্টা দিয়ে করতে চাই।’

অন্যদিকে এবার রোজার ঈদে আবারো মুক্তি পেতে যাচ্ছে রোশান ও ববি অভিনীত ‘বেপরোয়া’। এর আগে গতবছর সিনেমাটি মাত্র একটি হলে মুক্তি পায়। সিনেমার কোনো প্রচারণাও ছিল না। এবার বেশ বড় পরিসরে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া মুক্তি দেবে বলে জানা যায়।