২৮ মার্চের মধ্যে আইন করার জন্য ইসলামী আন্দোলনের স্মারকলিপি

২৮ মার্চের মধ্যে ব্লগার নাস্তিকদের গ্রেফতার এবং আল্লাহ, রসূল (স.) এর অবমাননাসহ ইসলাম সম্পর্কে কটূক্তির বিরুদ্ধে আইন প্রণয়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বুধবার ছয় সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ উপলক্ষে বিকালে পুরানা পল্টন হাউজ বিল্ডিং চত্বরে মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ। মোসাদ্দেক বিল্লাহ বলেন, আল্লাহ ও রসূল (স.)-এর অবমাননা করে কেউ বুক ফুলিয়ে রাজপথে অবস্থান করবে তা দেশের ইসলাম প্রিয় মানুষ কখনই সহ্য করবে না। নাস্তিক ব্লগারদের গ্রেফতার করে শাস্তি না দেয়া পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। নিয়মতান্ত্রিক আন্দোলনে যদি সরকারের বোধোদয় না হয়, তাহলে লাগাতার কঠোর কর্মসূচির মাধ্যমে নাস্তিক এবং তাদের দোসরদের বিচারে সরকারকে বাধ্য করা হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজউক ক্রসিং (সাবেক দৈনিক বাংলা মোড়), বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে যাওয়ার পরই পুলিশ ও র্যাব গতিরোধ করে। পরে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান করেন।