থ্রিজির ট্যাক্সে ছাড় তবে রিবেট নয়

দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের জন্য জমা দেয়া টাকার কোন রিবেট সুবিধা পাবে না মোবাইল ফোন অপারেটররা। তবে আদালত থেকে কোন নির্দেশনা দেয়া হলে সরকার তা মেনে চলবে। গতকাল মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) এ কথা সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে কিছু বিষয়ে অপারেটরদের ছাড় দেয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। আগামী বাজেটে সিম ট্যাক্স কমানোর পাশাপাশি থ্রিজিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার আশ্বাস মিলেছে অর্থমন্ত্রীর কাছ থেকে। তবে অর্থমন্ত্রীর এসব আশ্বাস আর রিবেট সুবিধা না পাওয়ার বিষয়ে কোন কথাই বলেননি মোবাইল ফোন অপারেটরদের এই কর্তাব্যক্তিরা। তারা শুধু অর্থমন্ত্রীর বক্তব্য শুনেই চলে এসেছেন। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ ব্যক্তি ছাড়াও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যন, এসোসিয়েশন অব মোবাইল ফোন অপারেটরস বাংলাদেশের (এমটব) চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেয়া একজন কর্মকর্তা বলেন, ৫টি মোবাইল ফোন অপারেটরের পক্ষ থেকে থ্রিজির নিলাম পুনঃতফসিল করার যে আবেদন করা হয়েছে তা বিবেচনা করা সম্ভব নয় বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। তাই আজ বৃহস্পতিবার প্রি-বিট বৈঠকে সবাইকে অংশ নিতে বলেছেন তিনি। তবে অপারেটররা আজ প্রি-বিট বৈঠকে অংশ নেবে কি-না সে ব্যাপারে কেউ কিছু বলতে রাজি হননি। থ্রিজির নিলাম প্রক্রিয়া ২৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠক সূত্র জানায়, আগামী বাজেটে সিম ট্যাক্স পুরোপুরি প্রত্যাহারের অনুরোধ করেছেন অপারেটরদের সিইও’রা। সিম ট্যাক্স পুরোপুরি না কিছু কমানো হবে সে ব্যাপারে কিছু বলেননি অর্থমন্ত্রী। তিনি যৌক্তিক পরিমাণ কমানোর আশ্বাস দিয়েছেন। এছাড়া থ্রিজির নিলামে সবাইকে অংশ নেয়ার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী। থ্রিজিতে ভ্যাট অর্ধেক কমানোর আশ্বাসও এসেছে মন্ত্রীর কাছ থেকে। প্রসঙ্গত থ্রিজিতে স্পেকট্রামের বেজপ্রাইজ প্রতি মেগাহার্টজ ২ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। প্রত্যেককে অন্তত ৫ মেগাহার্টস স্পেকট্রাম নিতে হবে। তাতে বেজপ্রাইজেই যে দাম হয় তাতে ৫টি অপারেটরকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছাড় দিলে সাড়ে ৪শ’ কোটি টাকারও বেশি ছাড় দেয়ার আশ্বাস এসেছে অর্থমন্ত্রীর কাছ থেকে। আর সিম ট্যাক্স কমানোর সুবিধা তো আছেই। অপারেটরদের সঙ্গে বৈঠক নিয়ে অর্থমন্ত্রীর ব্রিফিং আগামী ২৪ জুনের আগেই থ্রিজির নিলাম প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। নিলাম হবে ২৪ জুন। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সকালে অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ ব্যক্তিরা। অর্থমন্ত্রী বলেন, নিলাম প্রক্রিয়ার জন্য মূল্য সংযোজন কর ও রাজস্ব শেয়ারিংয়ের যেসব কাজ বাকি রয়েছে তা শেষ করা হবে। তিনি আশা করেন সবগুলো মোবাইল ফোন অপারেটর থ্রিজির নিলামে অংশ নেবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপারেটররা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেছেন। রেভিনিউ শেয়ারিং ও ভ্যাট সংক্রান্ত বিষয়গুলো সুরাহা না হওয়ায় এতদিন তারা থ্রিজির নিলামে অংশগ্রহণের বিষয়ে অতোটা আগ্রহ দেখাননি। বৈঠকে আমি তাদের এ ব্যাপারে আশ্বাস দেয়ায় তারা এখন নিলামে অংশ নিতে রাজি হয়েছেন। তবে বিষয়টি পুরোপুরি সুরাহা করতে একাধিকবার বৈঠকে বসতে হবে। এছাড়া গ্রামীণ ফোনের লাইসেন্সের বিষয়টি গত পরশু (সোমবার) সমাধান করা হয়েছে। এখন নিলামে সবাই অংশগ্রহণ করতে পারবে এবং আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই থ্রিজি লাইসেন্সের জন্য আবেদন করা যাবে।