সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আজ দ্বিতীয় দিনের ভোট গ্রহণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুইদিনব্যাপী নির্বাচনে গতকাল বুধবার ভোটগ্রহণ শুরু হয়েছে। সমিতি ভবনে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে তা চলে বিকাল ৫টা পর্যন্ত। ৩৮টি বুথে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৪৫ জন। প্রথম দিনে ১৬৬২ জন ভোটার ভোট প্রদান করেছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলবে। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এ জে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি এবং সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে রবিউল আলম বুদু নির্বাচনে লড়ছেন। প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক সংগঠনগুলোর সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের মধ্যে।