সরকারের চর বোমা রেখে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে :ড. মোশাররফ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২২:৫৫
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, সরকারের চররা বিএনপির কার্যালয়ে বোমা রেখে এখন বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। মানুষ সরকারের এই নাটক বুঝে ফেলেছে। এভাবে নাটক সাজিয়ে লাভ নেই। তিনি বলেন, নিজের ঘরে নিজেরা বোমা রেখে কেউ কী আত্মহত্যা করতে চায়। পুলিশি তাণ্ডবের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সরকার এ দেশকে ‘পুলিশি রাষ্ট্রে’ পরিণত করেছে। সারাবিশ্বও বুঝতে পেরেছে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। কারণ একটি গণতান্ত্রিক দেশের সর্ববৃহত্ রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশের হানা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে সরকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপির কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব অভিযোগ করেন। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মানবাধিকার ফোরাম আয়োজিত ‘সন্ত্রাসের কবলে গণতন্ত্র ও মৌলিক অধিকার’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ বলেন, সরকার পরিকল্পিতভাবে এসব ঘটিয়েছে। এর উদ্দেশ্য ছিল বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা।