ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট এলাকায় ৩ কেজি ওজনের বোমা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের মেইন গেটের কাছে শক্তিশালী বোমা উদ্ধার করেছে র্যাব-৯ ভৈরব ক্যাম্প। মঙ্গলবার গভীর রাতে ঢাকা থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ৩ কেজি ওজনের বোমাটি নিষ্ক্রিয় করে। বোমার খবরে রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে আতংক ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীস্থ জেলা ও দায়রা জজ আদালত এলাকায় শক্তিশালী বিস্ফোরক রয়েছে এমন গোপন খবর পায় ভৈরব ক্যাম্পের র্যাব। মঙ্গলবার রাত প্রায় ৮টায় র্যাব-৯-এর মেজর মাহফুজ-উল-আমীন নূরের নেতৃত্বে র্যাব জজকোর্ট এলাকায় প্রায় ২ ঘণ্টা তল¬াশি চালিয়ে গেটের সম্মুখে একটি চটের ব্যাগে বোমাটি পায়। পরে বালির বস্তা দিয়ে এটিকে ঘিরে রেখে র্যাব হেড কোয়ার্টারে বোমা বিশেষজ্ঞ দলকে খবর পাঠায়। ঢাকা থেকে রাত পৌনে ২টায় মেজর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের বোমা বিশেষজ্ঞ দল ব্রাহ্মণবাড়িয়া আসে এবং বোমা উদ্ধার করে রাত পৌনে ৩টায় এটি নিষ্ক্রিয় করে। র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মাহফুজ-উল-আমীন নূর জানান, এটি ছিল শক্তিশালী। এ বোমা বিস্ফোরিত হলে জজকোর্ট এলাকার বড় ধরনের ক্ষতির আশংকা ছিল।