আপিল পরিচালনার জন্য নিয়োগ পেলেন বিচারপতি আমিরুল

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরকারের করা আপিল পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার আইন মন্ত্রণালয় তাকে আইন কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করে। এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম, অতিরিক্ত এটর্নি জেনারেল ও ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রধান সমন্বয়কারী এডভোকেট এমকে রহমানের পাশাপাশি বিচারপতি আমিরুল আপিল শুনানিতে সরকার পক্ষে অংশ নেবেন। বিচারপতি আমিরুলকে এটর্নি জেনারেলের পদমর্যাদায় (আর্থিক সুযোগ-সুবিধা ব্যতিরেকে) আইন কর্মকর্তা হিসাবে এ নিয়োগ দেয়া হয়েছে। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক হিসাবে নিয়োগ পান। ২০০৭ সালে তিনি হাইকোর্টের বিচারকের পদ থেকে অবসরে যান। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এই দণ্ড অপর্যাপ্ত দাবি করে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গত ৩ মার্চ আপিল করেছে সরকার। পরদিন কাদের মোল্লা খালাস চেয়ে ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করে। আগামী ৩১ মার্চ এই আপিলের উপর শুনানির দিন ধার্য রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।