বিএনপি ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৩, ২৩:০১
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। নামে পার্থক্য থাকলেও তাদের মধ্যে চরিত্রগত কোন পার্থক্য নেই। মিথ্যাচার করা বিএনপি’র মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। নিজেদের অফিসে বোমা মজুদ করে নিজেদের সমাবেশস্থলের পাশে বোমা ফাটিয়ে তারা হরতাল ডাকার অজুহাত সৃষ্টি করে আবারও প্রমাণ করেছে তারা আসলে জনগণের কল্যাণে রাজনীতি করে না। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম আরও বলেন, চিকিত্সার নামে সিঙ্গাপুর গিয়ে সেখান থেকে ফিরে এসেই বেগম খালেদা জিয়া স্বমূর্তি ধারণ করলেন। তিনি জামায়াতের তাণ্ডবলীলা সমর্থন করে তার আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত করলেন। তিনি একাত্তরের শহীদদের প্রতি চরম অশ্রদ্ধা দেখিয়ে ঘাতক যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নামলেন। দেশবাসী আগামী নির্বাচনে তার ন্যক্কারজনক ভূমিকার উপযুক্ত জবাব দেবে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মোহাম্মদ নাসিমকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেফাজ উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, মোজাম্মেল হক সরকার বকুল, খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।