স্টক ডিলারের ঋণ সীমা ৩ কোটি টাকায় উন্নীত
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ১৯:৫৯
পুঁজিবাজারের স্বার্থে স্টক ডিলারদের (যে নিজের জন্য শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় ও বিক্রয় করেন) ঋণসীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবে সাড়া দিয়ে স্টক ডিলারদের আর্থিক সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত গ্রহণ করে বুধবার একটি সার্কুলার জারি করেছে। এখন থেকে স্টক ডিলাররা ব্যাংক থেকে ৩ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।
ডিএসই সূত্র জানায়, পুঁজিবাজারের লেনদেন বৃদ্ধিতে স্টক ডিলারদের ভূমিকা অনেক বেশি। কিন্তু বাজারে দীর্ঘদিন ধরে দর পতনের কারণে এসব প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা কমে গেছে। এ অবস্থায় ডিএসই’র পক্ষ থেকে স্টক ডিলারদের ঋণ সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছিল। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক স্টক ডিলারদের ঋণ সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্টক ডিলারদের ঋণ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে লাইসেন্সপ্রাপ্ত যেকোনো স্টক ডিলার ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির শেয়ার বা ডিবেঞ্চারের বিপরীতে বর্ধিত ঋণ সুবিধা পাবে। এক্ষেত্রে গত ৬ মাসের গড় বাজার মূল্যের উপর ভিত্তি করে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের বিপরীতে সর্বোচ্চ ৭০ শতাংশ এবং ‘বি’ ক্যাটাগরির শেয়ারের বিপরীতে সর্বোচ্চ ৬০ শতাংশ ঋণ দেয়া হবে। ঋণের সর্বোচ্চ পরিমান হবে ৩ কোটি টাকা।