নতুন গান নিয়ে মঞ্চে এলআরবি
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২০:১৫
অবশেষে মাঠের কনসার্টে ফিরছে এলআরবি। আগামী ২৪ মার্চে কলাকাতায় শো করেই নিজেরা সিদ্ধান্ত নেবেন আগামী শিডিউলগুলোর। এরই মধ্যে গেল মাস থেকেই আইয়ুব বাচ্চু নিয়মিত তার স্টুডিও এবি কিচেনে যাতায়াত শুরু করেছেন। একই সাথে ব্যান্ড দলগুলোর সদস্যদের সাথে প্র্যাকটিস সেশনেও অংশ নিয়েছেন। নিজের আগামী কনসার্ট নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘এবারের কনসার্টের ঢংটাও বদলে ফেলছি। এলআরবি আর কিছু নতুন গান নিয়ে নতুনভাবে কনসার্টে আসছে। আপাতত আমাদের যাদবপুর কনসার্টের পর আমাদের পরবর্তী কনসার্ট শিডিউল আমরা চূড়ান্ত করব।
কলকাতাবাসীর বিরাট গোষ্ঠী আমাদের ভক্ত। এটা প্রতিবারই প্রমাণিত হয়েছে। মজা ব্যাপার হলো যাদবপুর কনসার্টটি আরও অনেক আগেই হওয়ার কথা ছিল। শুধুমাত্র আমাদের জন্য ওরা অপেক্ষা করেছেন প্রায় একমাস। আমি সত্যিই অভিভূত। মানুষের ভালোবাসার চেয়ে দামি তো পৃথিবীতে কিছু নেই।’