ভারতীয় দলকে গাভাস্কারের পরামর্শ

চার ক্রিকেটারকে বরখাস্ত করার পর অস্ট্রেলিয়া দলে এক অর্থে ‘গৃহদাহ’ চলছে। কিন্তু, মোহালি টেস্টে মহেন্দ্র সিং ধোনিও তার দলকে আত্মতুষ্টিতে না ভোগার জন্য সতর্ক করে দিলেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। বুধবার একটি টেলিভিশনকে গাভাস্কার বলেন, ‘ভারতীয় দলের প্রতি আমার পরামর্শ হলো তারা যেন গড্ডালিকা প্রবাহে গা না ভাসায়। যদিও তাদের দলের মধ্যে কিছুটা সমস্যা রয়েছে। তথাপি অস্ট্রেলিয়ার কোন দলকে কখনোই তুমি হালকাভাবে নিতে পারো না। ভারতীয় দলের খুশি হওয়া উচিত কেননা, এটা তাদের জন্য একটু সুযোগ।’ শেন ওয়াটসনসহ অপর খেলোয়াড়দেরকে এমন শাস্তি দেয়াটা যথাযথ হয়েছে কিনা এমন বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন এই কিংবদন্তী খেলোয়াড়, ‘আসলে কি ঘটেছে সে বিষয়ে শতভাগ তথ্য না জেনে এ বিষয়ে কোন মন্তব্য করাটা বেশ কঠিন।’ এ ম্যাচে ওয়াটসন ও জেমস প্যাটিনসন না থাকায় ভারতের জন্য একটা বাড়তি সুবিধা এমনটা ভাবতেও নারাজ গাভাস্কার। তিনি বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা যেখানে সহজেই ভাগ্য ঘুরে যেতে পারে। যেহেতু, প্যাটিনসন তাদের সেরা বোলার ছিল তাই মোহালিতে সে হয়তো বা একটা প্রভাব বিস্তার করতে পারতো এ বিষয়ে আমি একমত। কিন্তু এটা নিজেকে প্রমাণের জন্য মাইকেল স্টার্কের একটা সুযোগও হতে পারে। ওয়াটসন না থাকাটা মিডল অর্ডারে অসিদের একটি বড় ক্ষতি অবশ্যই।’ ভারতের হয়ে অভিষেক হওয়া শিখর ধাওয়ান নিজেকে প্রমাণ করতে সুযোগের পূর্ণ ব্যবহার করবে বলেও আশাবাদি এই কিংবদন্তী ক্রিকেটার। সব শেষে তিনি বলেন, ‘এটা তার জন্য বড় একটা সুযোগ। এ পিচে বল সুন্দরভাবে ব্যাটে আসবে। সে (ধাওয়ান) ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছে। প্রথম বলটা যদি সে ব্যাটের মাঝখান দিয়ে মারতে পারে তাহলে তার শুরুটা খুবই ভাল হবে।’ - বাসস