রানিনগরে সরকারি জায়গায় অবৈধ দোকানঘর নির্মাণ

নওগাঁর রানিনগরে জোর করে অবৈধভাবে সরকারি খালের উপরে রাতের আঁধারে আরসিসি পিলার দিয়ে মার্কেট নির্মাণ করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অবৈধ স্থাপনা বন্ধের দাবিতে একটি আবেদনও করেছেন গ্রামবাসী। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বড়গাছা ইউপি’র কাটরাসাইন বাজারের রাস্তার পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া খালের উপরে উপজেলার সিঙ্গার পাড়া গ্রামের আবুল হোসেন পেশী শক্তির জোরে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে আরসিসি পিলার দিয়ে প্রায় ১০০ ফিট জায়গা জুড়ে মার্কেট নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজাদুল, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, কাটরাসাইন বাজার সমিতির সদস্য আয়েত আলী, ফয়েজ আলী, আকবর আলী, শ্রী সুব্রত, শ্রী বাবলু ঠাকুরসহ আরো অনেকেই অভিযোগ করে বলেন আবুল হোসেনের বাড়ি অন্য ইউপিতে। সে সেখান থেকে এসে শুধু পেশী শক্তির জোড়ে সরকারি জায়গা দখল করে রাতের আঁধারে দোকানঘর নির্মাণ করছে। এবিষয়ে আবুল হোসেন জানান, আমার জায়গায় আমি ঘর নির্মাণ করছি । আমার কাগজ পত্র আছে।