লালমনিরহাট শহরের মহিলা কলেজে অনার্স কোর্স নেই
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:০৩
জেলা শহরের একমাত্র মজিদা খাতুন সরকারি মহিলা মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালু হয়নি। গত ২ বছর ধরে মহাবিদ্যালটিতে শিক্ষকের শূন্যপদ পূরণ, শিক্ষকের নতুন পদ সৃষ্টি ও অনার্স কোর্স চালুর আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে ফাইলবন্দী রয়েছে। বর্তমানে মহাবিদ্যালয়টিতে বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে কোন শিক্ষক নেই। বাহিরের অতিথি শিক্ষক দ্বারা ক্লাশ চালিয়ে নেয়া হচ্ছে। ১৯৮৮ সালে ৩ আগস্ট এই মহাবিদ্যালটি প্রতিষ্ঠা লাভ করে। জেলা শহরের একমাত্র মহিলা মহাবিদ্যালয় হওয়ায় ১৯৯৭ সালে ২৭ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণে সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ২৮ জন প্রভাষকের পদ নিয়ে কলেজটির যাত্রা শুরু করে। জাতীয়করণের সময় এই মহাবিদ্যালয়টিতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক পদে কেউই কর্মরত ছিলেন না। ফলে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদ সৃষ্টি হয়নি। এখানে নিয়োগ প্রাপ্ত প্রভাষকগণ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলে তারা বাধ্য হয়ে অন্যত্র চলে যায়। ফলে প্রতিটি বিষয়ে শিক্ষকের পদ শূন্য থেকেই যাচ্ছে। সরকারি বিধিমোতাবেক মহাবিদ্যালয়টিতে ৬৪ জন শিক্ষকের স্থলে বর্তমান ২২ জন কর্মরত হয়েছে। এতে ছাত্রীদের মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে। মহাবিদ্যালয়টিতে ছাত্রীর সংখ্যা দেড় হাজারের বেশি। অধ্যক্ষ প্রফেসর শামিম আরা জানান, মহাবিদ্যালটিতে শিক্ষকের পদসৃষ্টি, শূন্য পদে শিক্ষক নিয়োগ ও অনার্স কোর্স চালুর ব্যাপারে আবেদন করেও কোন ফলাফল পাওয়া যায়নি।