আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জে চুয়েট
চুয়েট (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:০৩
আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জে অংশ নিতে গত বুধবার ভারতের কানপুরে গেছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ডিসেপটিকন্স দলের সদস্যরা। ১৪ মার্চ থেকে ভারতে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক রোবট দৌড় প্রতিযোগিতায় তারা অংশ নিবেন।
তারা দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৬টি দলকে পেছনে ফেলে রোবটিক চ্যালেঞ্জ, বাংলাদেশ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ফলে বিজয়ী এই দলটি আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জে অংশ নেয়ার সুযোগ পায়।
টিমের মেন্টর ও আরএমএ’র সভাপতি মাহমুদুল হাসান জানান, বিজয়ী টিমের রোবটটির নাম- অটোনমাস মেজ সলভিং রোবট। রোবটটি নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে গোলকধাঁধা সমাধান করতে পারে। আমাদের রোবটটি তিনটি আলাদা রং সাদা, সবুজ ও কালোর মধ্যে পার্থক্য করতে পারে এবং সেই অনুযায়ী গোলকধাঁধাটি সমাধান করে। আমাদের চূড়ান্ত পর্বের জন্যও একই রকম আরেকটি রোবট তৈরি করা হয়েছে।