সুন্দরবনে বনদস্যু ও র্যাবের বন্দুকযুদ্ধ, ৬টি অস্ত্র উদ্ধার

সুন্দরবনের ভদ্রা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন বিলমারীর খালে র্যাব-৬ ও বনদস্যু নমির বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ দস্যুকে আটক ও অস্ত্র-গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, পশ্চিম সুন্দরবনের ভদ্রা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন বিলমারীর খালে বৃহস্পতিবার র্যাব দস্যু নমির বাহিনীর একটি ট্রলার গতিরোধ করতে গেলে ওই ট্রলারে থাকা দস্যুরা অভিযানকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। আধ ঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বাহিনীর অধিকাংশ দস্যু পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ দস্যুকে আটক করে র্যাব। এ সময় দস্যুদের কাছ থেকে ২টি বন্দুক, ১টি শুটারগান, ৩টি পাইপগান ও ২২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধ চলাকালে উভয়পক্ষের মধ্যে ৫৩ রাউন্ড গুলিবিনিময় হয়েছে বলেও জানায় র্যাব।