গাজীপুর সিটি কর্পোরেশন
প্রশাসক হিসেবে শাহ কামালের যোগদান
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:০৫
নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহ কামাল। তিনি ১১ মার্চ থেকে দায়িত্ব নিলেও বুধবার বিকেলে প্রথম নগর ভবনে আসেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, সচিব মোঃ আবুল বাসার, প্রধান প্রকৌশলী আকবর হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীগণ। পরে তিনি নগরভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। তারা সিটি কর্পোরেশন এলাকায় যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ দোকানপাট উচ্ছেদ, ময়লা-আবর্জনা ফেলার সুষ্ঠু ব্যবস্থাপনা, ফরমালিনমুক্ত বাজার তৈরিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখার জন্য তদারকি জোরদার করার দাবি জানান। এসকল সমস্যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে প্রশাসক সকলকে আশ্বস্ত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক শাহ কামাল আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করা আমার প্রধান কাজ। তবে নির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশন বলতে পারবে। দায়িত্ব গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহ নওয়াজ দিলরুবা খান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ মুজিবুর রহমান প্রমুখ।