রংপুরে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণে ব্যাংক কর্মকর্তা মুক্ত
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:০৬
রংপুরে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহূত এক ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করেছে পরিবারের লোকজন। গত বুধবার রাতে পীরগাছা উপজেলার দামুর চাকলা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে রংপুর নগরীর মর্ডান মোড় এলাকা থেকে বগুড়ার ধুনট শাখার আনসার ভিডিপি ব্যাংকের সেকেন্ড অফিসার ফজলার রহমানকে অপহরণ করা হয়। অপহূত ব্যাংক কর্মকর্তা নীলফামারী সদরের হাটখোলা ফকিরপাড়া এলাকার বাসিন্দা। প্রকাশ, অপহরণকারীদের দাবি মতো বুধবার রাতে অপহূতের পরিবারের লোকজন রংপুর মহানগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় একটি মসজিদের পাশে টিনের বেড়ার ফাঁক দিয়ে অপহরণকারীরা মুক্তিপণের সাড়ে ৩ লাখ টাকা নেয়। এরপরে অপহরণকারীরা অপহূত ব্যাংক কর্মকর্তাকে পীরগাছা দামুর চাকলা এলাকায় ছেড়ে দেয়। এ ঘটনায় পুলিশ ওই রাতেই সাতমাথা এলাকা থেকে মোবাইল ব্যবসায়ী আবুজারকে আটক করেছে। অপহূতের পরিবারের দাবি, পুলিশকে একাধিকবার বলার পরেও পুলিশ অপহরণকারীদের গ্রেফতারে কার্যকর ভূমিকা রাখেনি।