মির্জাপুরে কবিরাজের প্রতারণা আট ভরি স্বর্ণ খুইয়েছে গৃহবধূ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:০৭
মির্জাপুরে চিকিত্সার নামে এক গৃহবধূকে প্রতারণার ফাঁদে ফেলে ৮ ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে এক ভণ্ড কবিরাজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার রাসেদুল ইসলাম রাসেদ নামে এক ব্যক্তি নিজেকে ইউনানী কবিরাজ ও ডাক্তার পরিচয় দিয়ে উপজেলার বুড়িহাটি গ্রামের ছইনুদ্দিনের বাড়িতে ওঠে। এসময় প্রতারক রাসেদ ছইনুদ্দিনের স্ত্রী জবা বেগমকে সব ধরনের রোগ সারিয়ে দেবে বলে নানা প্রলোভন দেখায়। আর এজন্য প্রয়োজন হবে ৮ ভরি স্বর্ণ। এছাড়া বাড়িতে যে গুপ্তধন আছে তাও পাওয়া যাবে বলে জানায়। তবে শর্ত দেয় এই ঘটনা কাউকে বলা ও জানানো যাবে না। গৃহবধূ তার কথামত নিজের ঘরে থাকা ৩ ভরি এবং পাশের বিভিন্ন বাড়ি থেকে আরও ৫ ভরি স্বর্ণ ধার করে কবিরাজের হাতে তুলে দেন। ভণ্ড কবিরাজের কথামত জবা বেগম ঘরের এক কোণে ধ্যানে বসেন গুপ্তধনের আসায়। প্রায় আধঘন্টা পর ঘর থেকে বের হয়ে দেখতে পান কবিরাজ পালিয়ে গেছে। কবিরাজ পালিয়ে যাওয়ার পর গৃহবধূ জ্ঞান হারান। আশপাশের লোকজন ঘটনাটি জানতে পেরে হতভম্ব হয়ে যান। ৮ ভরি স্বর্ণ হারিয়ে ঘর ভাঙ্গতে চলেছে গৃহবধূ জবা বেগমের।