সংবাদ সংক্ষেপ

বান্দরবান পৌরসভায় ক্লিনার গাড়ি হস্তান্তর বান্দরবান প্রতিনিধি \ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বান্দরবান পৌরসভায় ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ৩৭ লক্ষ টাকা ব্যয়ের ভ্যাকুয়াম ক্লিনার গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা’কে হস্তান্তর করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল আবছার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মাহে আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। নড়াইলে যুবদল নেতা গ্রেফতার নড়াইল প্রতিনিধি\ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩৭) কে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। আটক শিহাব নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। নড়াইল সদর থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, শিহাবুর রহমান শিহাব গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। চাটখিলে যুবলীগের পরিচিতি সভা চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ চাটখিল উপজেলা ও পৌরসভার নবগঠিত যুবলীগের আহ্বায়ক কমিটি পরিচিতি সভা বুধবার ভীমপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নওশাদুল করিম, রাসেল, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল করিম, যুগ্ম-আহ্বায়ক কনক প্রমুখ। শ্যামনগরে মানব পাচার প্রতিরোধ কর্মশালা শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা \ সাতক্ষীরার অগ্রগতি সংস্থার বাস্তবায়নে শ্যামনগরে মানব পাচার প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ সকালে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল খালেক, শেখ নুরুল ইসলাম প্রমুখ। অগ্রগতি সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর অসীত ব্যানার্জি মানব পাচার প্রতিরোধ বিষয় নিয়ে কর্মশালায় বক্তব্য রাখেন। কয়রায় কোস্টগার্ডের অভিযান ২টি অস্ত্র উদ্ধার কয়রা(খুলনা)সংবাদদাতা \ কোস্টগার্ড পশ্চিম জোনের কয়রার আংটিহারা কোস্টগার্ড ২টি অস্ত্র উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার ১১ টায় কোস্টগার্ডের লেঃ কমান্ডার(অপারেশন) মোঃ শরিফুল হক খান ও লেঃ মুজাহিদুল-এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের বাটলু নদীর হাতভাঙ্গা ভরানীর খাল এলাকা থেকে ১টি এম-নাইন ওয়ান (ইন্ডিয়া) পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। লালপুরে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন লালপুর (নাটোর) সংবাদদাতা \ বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলার কদিমচিলান গ্রামে জামায়াত-শিবিরের হামলায় নিহত যুবলীগ নেতা খায়রুলের হত্যাকারীদের বিচারের দাবিতে পাবনা-নাটোর মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। কদিমচিলান গ্রামের নারী-পুরুষ ও স্কুলের ছাত্র-ছাত্রীরাও মানববন্ধনে অংশ নেয়। মিঠাপুকুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টিয়ান ঐক্য পরিষদের মানববন্ধন মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলায় ৪টি মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বুধবার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টিয়ান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার ব্যানারে মহাসড়কে মানববন্ধন, মিছিল ও শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিশির কুমার সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জাকির হোসেন সরকার, অ্যাডঃ রথিস চন্দ্র ভৌমিক বাবু সোনা, নিরঞ্জন মোহন্ত প্রমুখ। কালীগঞ্জে ব্র্যাকের অনুদানের টাকা বিতরণ কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের কালীগঞ্জে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, টেকসই প্রযুক্তির সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব তৈরির লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২১জন সুবিধাভোগী চাষিকে ৩২৫ একর জমিতে উচ্চ ফলনশীল জাতের শস্য উত্পাদনে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে। বরিশাল শেবাচিমের গাছ কেটে বিক্রি বরিশাল অফিস \ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বনভোজনের জন্য ক্যাম্পাসের গাছ কেটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্যাম্পাসের পুকুরপাড় সংলগ্ন ৫টি চাম্বল গাছ কতিপয় শিক্ষার্থী কেটে নেয় বলে ক্যাম্পাস সূত্র জানায়। কলেজ অধ্যক্ষ ডা. শহীদুল আলম জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। খতিয়ে দেখা হচ্ছে। মুন্সিগঞ্জে মাদকবিরোধী সভা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ শহরের গণকপাড়া মিলন ক্লাবের উদ্যোগে স্থানীয় মাঠে সৃজনশীলতা বিকাশ, জ্ঞানচর্চার প্রসার ও মাদককে না বলা বিষয়ক এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ওয়ালিউল্লাহ ননীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসপি তারিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট হাবিবুর রহমান, শিক্ষক নূরে আলম প্রমুখ। কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যানের জেল কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ বুধবার উপজেলার ৪নং সাজাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বিআরডিবি সমিতির চেয়ারম্যান ফররুখ হুসাইন মিন্টু মুন্সীকে নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল লতিফ বাদী, বিবাদী ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন মঠবাড়িয়া সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার স্থানীয় পল্টন ময়দানে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন শেষে হারুন হাওলাদার সভাপতি, বেল্লাল খান সাধারণ সম্পাদক ও সাইদুল মল্লিককে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্টি ধানীসাফা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। মোহনগঞ্জে দুই মহিলার কারাদণ্ড মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ মোহনগঞ্জে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে দুই মহিলাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । গত বুধবার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোহা. মিজানুর রহমান সরকার এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো বারহাট্টা উপজেলার চল্লিশকানিয়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী পারুল আক্তার (৪০) ও একই উপজেলার চিরাম গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী শিমু আক্তার (২০) । ফরিদপুরে দিনেদুপুরে ডাকাতি ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর শহরের গোয়ালচামট হাউজিং স্টেটে এক প্রবাসীর বাড়িতে বুধবার দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় আহত তামান্না ইসলামকে জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমতলীতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের দাবিতে মানববন্ধন আমতলী (বরগুনা) সংবাদদাতা \ অক্সফ্যাম-জিবি’র আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা এনএসএস-এর আয়োজনে চলমান রি-কল প্রকল্পের আওতায় বুধবার গুলিশাখালী বাজারে প্রয়োজনীয় সংখ্যক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং প্রাকৃতিক সম্পদ ও সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । বক্তব্য রাখেন আশুতোষ রায়, রি-কল প্রকল্পের সমন্বয়কারী শেখ কবির হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর খোকন দাস ও রাধা রানী প্রমুখ। চুয়াডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ১৩ মার্চ থেকে ৩ দিনের এক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। চুয়াডাঙ্গা—১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এটা উদ্বোধন করেন। নোয়াখালীতে রেডক্রসের আর্থিক সাহায্য নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে আগুনে পুড়ে দেয়া হিন্দু বাড়িগুলোর ৮৪ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আন্তর্জাতিক রেডক্রস পরিবার প্রতি ২০ হাজার টাকা করে ১৬ লাখ ৮০ হাজার টাকা ঘর নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করে। বুধবার রেডক্রসের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করেন বাংলাদেশস্থ রেডক্রসের পরিচালক ত্রাণ মো. মতিউর রহমান। নোয়াখালীতে জজকোর্টের বিচারকদের মতবিনিময় নোয়াখালী প্রতিনিধি \ মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তায় নোয়াখালী জেলা জজ আদালতের বিচারকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে ব্রাক। বুধবার রাতে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে ব্র্যাকের জেলা প্রতিনিধি অরুণ কুমার দাসের সভাপতিত্বে এ সভায় জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেন প্রধান অতিথি ছিলেন। আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, জজ আদালতের পিপি এটিএম মহিব উল্যাহ, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি কাজী কবির আহম্মেদ, আইনজীবী এমদাদ হোসেন কৈশর প্রমুখ। নাটোর পল্লী বিদ্যুত্ সমিতির মতবিনিময় সভা বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বিদ্যুত্ খাতে নাশকতা রোধে গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে জনপ্রশাসন ও গ্রাহকদের সাথে মতবিনিময় সভা করেছে নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-২। বুধবার সমিতি বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতি বোর্ডের সভাপতি ফুলবার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। মধুখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু পুত্র নিহত, পিতা আহত মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা \ বুধবার মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হাটঘাটা নামক জায়গায় সড়ক দুর্ঘটনায় মোদারছেন নামে দুই মাস বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় ঐ শিশুটির পিতা মোশারফ হোসেন কলমগীরকে গুরুতর আহত অবস্থায় চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন। হালুয়াঘাটে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার হালুয়াঘাট উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডে মুক্তাদির রহমান মণ্ডল (১৯) নামে এক কলেজ ছাত্র ট্রাক চাপায় নিহত হয়েছে। সে ধোবাউড়া উপজেলার বালিগাঁও গ্রামের রমিজ উদ্দিন মণ্ডলের পুত্র এবং ধোবাউড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র। চাটমোহরে মেধা অন্বেষণ কার্যক্রম অনুষ্ঠিত চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ উপজেলা পর্যায়ের মেধা অন্বেষণ কার্যক্রম গত বুধবার চাটমোহর উপজেলার হানুফা মেমোরিয়াল হোমস’র হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ৪টি বিষয়ে ১২জন শিক্ষার্থী জেলা পর্যায়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এরা হলো সেন্ট রীটাস হাইস্কুলের সাদিয়া আফরিন, বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পারিজাত সুলতানা ও চাটমোহর ডিগ্রী কলেজের আতাউর রহমান। সেন্ট রীটাস হাইস্কুলের মারিয়া সুলতানা, আতিকুর রহমান ও মহিলা ডিগ্রী কলেজের নুসরাত জাহান। চাটমোহর একাডেমির তপধীর কর্মকার, আরসিএন এন্ড বিএসএন হাইস্কুলের মারুফ হাসান ও মহিলা ডিগ্রী কলেজের সিনথিয়া শারমিন এবং চাটমোহর একাডেমির জামিলুর রেজা, আরসিএন এন্ড বিএসএন হাইস্কুলের মারুফ হাসান ও চাটমোহর ডিগ্রী কলেজের আতাউর রহমান। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বোদায় এলজিএসপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ এলজিএসপি-২ কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সদস্য সচিবদের চারদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার থেকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। গোবিন্দগঞ্জে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মরত কমিউনিটি হেলথ প্রোভাইডারদের সাথে গত বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু। উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৗরসভার মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুলতান আহমেদ, সমাজসেবা অফিসার মো. গোলাম আজম প্রমুখ। কাহালুতে মাইক্রোর চাপায় স্কুল ছাত্র নিহত কাহালু (বগুড়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলা পাগলাপীর নামক বাসষ্ট্যান্ডের পূর্বে একটি দ্রুতগামী মাইক্রোর নীচে চাপা পড়ে এনামুল হক (৯) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত এনামুল কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের উলখার গ্রামের ইসমাইল হোসেনের পুত্র এবং সে শিলকওঁর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। মধুখালী ব্যাসদী রাশিদা নবী স্কুলে পুরস্কার বিতরণ মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ উপজেলার ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয় ও ব্যাসদী প্রাথমিক বিদ্যালয়ের গত মঙ্গল ও বুধবার দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক অনুষ্ঠান শেষে বুধবার সন্ধায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইসহাক আলী দুলালের সভাপতিত্বে সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু।