জামায়াতের তিন নেতার ভিডিও ফুটেজ চেয়েছে ট্রাইব্যুনাল

জামায়াতের তিন নেতার বক্তব্য সম্পর্কে স্পষ্ট হতে ১২টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে গত ৪ ফেব্রুয়ারি জনসভার ভিডিও ফুটেজ চেয়েছে ট্রাইব্যুনাল। জামায়াতের এই তিন নেতা হলেন-দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি জেনারেল সেলিম উদ্দিন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর গতকাল এ আদেশ দেয়। ১২টি বেসরকারি চ্যানেলের বার্তা প্রধান বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠাতে রেজিস্ট্রারকে বলা হয়েছে। চ্যানেলগুলো হলো- চ্যানেল আই, এনটিভি, এটিএন নিউজ, এটিএন বাংলা, দেশটিভি, একাত্তর টিভি, ইন্ডিপেন্ডেন্ট, আরটিভি, সময় টিভি, একুশে টেলিভিশন, জিটিভি ও দিগন্ত টিভি। জনসভায় জামায়াত নেতাদের বক্তব্যের ভিডিও ফুটেজ ও নিউজের স্ক্রিপ্ট সিডি আকারে ২০ মার্চের মধ্যে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি জনসভায় বিচারাধীন বিষয়ে বক্তব্য দেয়ায় ৭ ফেব্রুয়ারি জামায়াতের এ তিন নেতার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে শোকজ নোটিস জারি করে ট্রাইব্যুনাল। তাদের ট্রাইব্যুনালে এসে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু কয়েকবার সময় দেয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে হাজির না হলে ট্রাইব্যুনাল জামায়াতের এ তিন নেতাকে গ্রেফতার করে ২১ মার্চ ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশের আইজিপিসহ সংশিষ্টদের প্রতি এ নির্দেশ দেয়।