এজিথ্রোমাইসিন থেকে হার্টবিট বাড়ে!

আমরা একটু কাশি হলে, গলায় সংক্রমণ হলে, ফুসফুসের প্রদাহ, ব্রংকাইটিস, নিউমোনিয়া, মূত্রনালীর প্রদাহ নানা কারণে এজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ সেবন করি। কিন্তু সম্প্রতি মার্কিন ওষুধ নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা এফডিএ সতর্ক করে দিয়ে বলেছে এজিথ্রোমাইসিন থেকে হার্টবিট বা হূদ স্পন্দন মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞগণ বলছেন, এজিথ্রোমাইসিন সেবনে হার্টের ইলেকট্রিক্যাল কার্যক্রম অস্বাভাবিক পরিবর্তন আসে এবং হার্টবিট মাত্রাতিরিক্ত বেড়ে যায়। যা হার্টের জন্য ক্ষতিকর। গবেষকগণ বলছেন, চিকিত্সকগণ যখন এজিথ্রোমাইসিন ব্যবস্থাপত্র দেবেন তখন অবশ্যই রোগীর হার্টের সমস্যা আছে কিনা জেনে নেবেন। কারণ এমনিতেই ওষুধটি হার্টবিট বাড়াতে পারে। এরপর যাদের হার্টের সমস্যা আছে তাদের এজিথ্রোমাইসিন দেয়া হলে হার্টের সমস্যা আরও বাড়তে পারে। গবেষণায় উল্লেখ করা হয় যে, গত বছর বিভিন্ন এন্টিবায়োটিকস-এ মৃত্যু শীর্ষক গবেষণায় দেখা যায় এজিথ্রোমাইসিনের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি কিছুটা বেশি। গবেষণা রিপোর্টে আরো বলা হয়, বিশেষজ্ঞগণ ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া তুলে ধরেছেন এর অর্থ এই নয় যে, ওষুধটি নিরাপদ নয়। চিকিত্সকগণ যাতে যথাযথ ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করতে পারেন তার পরামর্শ দেয়া হয়েছে গবেষণায়। এ ব্যাপারে কানাডীয়ান প্রতিষ্ঠান হেলথ কানাডা এজিথ্রোমাইসিন থেকে হার্টের সমস্যা হয়েছে এমন ৩৯ জনকে সনাক্ত করা করেছে। এজিথ্রোমাইসিন শুধু হার্টবিট বাড়ায় তাই এই ওষুধটি নানা পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ওষুধটির অপব্যবহার রোধেও পরামর্শ দেয়া হয়।