বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার নতুন পোপ প্রথম ফ্রান্সিস
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২১:২৬
মঙ্গলবারের প্রথম ভোট ব্যর্থ হওয়ার পর বুধবার তিন দফা ভোটেও নির্বাচিত না হওয়ায় পোপ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। বিশেষ কোনো প্রার্থী না থাকায় এবারের পোপ নির্বাচনে দেরি হবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু সে তুলনায় বেশ দ্রুতই গির্জার ইতিহাসের ২৬৬তম পোপ নির্বাচনের সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছেন ধর্মযাজকরা। তিনবারের ব্যর্থতার পর নতুন করে আরেক দফা ভোটের পরই দেখা মেলে সাদা ধোঁয়ার। সঙ্গে সঙ্গে বেজে ওঠে সেন্ট পিটার্স বাসিলিকার ঘণ্টাধ্বনিও। আর্জেন্টাইন হোর্হে মারিও বেরগোলিও ২৬৬তম পোপ হিসেবে নাম নিয়েছেন ‘প্রথম ফ্রান্সিস’। নতুন পোপ বেরগোগলিও সম্পর্কে বলা হয়ে থাকে, সাদাসিধে জীবন-যাপনের অধিকারী ইতালীয় বংশোদ্ভূত এই ব্যক্তি দুস্থ মানুষের পক্ষে এক সরব কণ্ঠস্বর। ১৯৩৬ সালের আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন বেরগোগলি ও। ১৯৬৯ সালে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ‘সোসাইটি অব জেসাস’ নামক ধর্মসংঘের সদস্য (জেজুইত) হন তিনি। এরপর আর্জেন্টিনা ও জার্মানিতে পড়াশোনা করেছেন। ১৯৯৮ সালে বুয়েনস আইরেসে কার্ডিনাল নির্বাচিত হন ‘ফ্রান্সিস’। ২০০৫ সালের পোপ নির্বাচনে অংশ নিয়েছিলেন হোর্হে মারিও বেরগোগলিও। ওই সময় তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোটও পেয়েছিলেন। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রশ্নে বরাবরই সোচ্চার ছিলেন নবনির্বাচিত পোপ ‘ফ্রান্সিস’।