‘ফণী’ কবলিত এলাকায় নৌ-বাহিনী ও কোস্টগার্ডের চিকিত্সাসেবা

চাঁদপুর প্রতিনিধি

ঘুর্ণিঝড় ফণীর আঘাতে আহত রোগীদের সেবার লক্ষ্যে চাঁদপুরে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের দুটি মেডিক্যাল টিম প্রায় দুই হাজার রোগীকে চিকিত্সা সেবা দিয়েছে। গতকাল রবিবার চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে রাজরাজেশ্বর ইউনিয়নের মান্দের বাজার, শিলারচর, খাশকান্দি এলাকায় ঘূর্ণিঝড় ফণী ২শ ঘরবাড়ি বিধ্বস্ত করে। একই সঙ্গে আহত হয় বহু নারী, পুরুষ ও শিশু। তাদের চিকিত্সার্থে সকাল ৯টা থেকে দুটি স্থানে নৌ-বাহিনীর মেডিক্যাল অফিসার ডা. নুরুল মোস্তফার নেতৃত্বে আট সদস্য এবং কোস্টগার্ডের  সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. ফাহাদ বিন কবিরের নেতৃত্বে  টিমে পৃথকভাবে চিকিত্সাসেবা কার্যক্রম পরিচালনা করে।