বৈশ্বিক অর্থনীতিতে মৌলিক পরিবর্তন ঘটছে :আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝু মিন বলেন, বৈশ্বিক অর্থনীতিতে মৌলিক পরিবর্তন ঘটছে এবং উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত প্রবৃদ্ধির পাশাপাশি গোটা বিশ্ব এখন অনেক বেশি পরস্পর সম্পর্কিত। ওয়াশিংটনের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধীন পল এইচ নিটজ স্কুল অব এডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসএআইএএস) আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ কথা বলেন। ঝু বলেন, গত কয়েক বছর ধরে উন্নত অর্থনীতির দেশগুলোর চেয়ে উদীয়মান অর্থনীতির দেশে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অব্যাহতভাবে ব্যাপক অবদান রাখছে। তিনি শিক্ষার্থী, বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নশীল দেশগুলোও বৈশ্বিক ব্যয় ও বাণিজ্য সম্প্রসারণে অব্যাহতভাবে উল্লেখযোগ্য অবদান রাখছে।